মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে দৃষ্টিনন্দন ইকো ভিলেজের অবস্থান।
পাহাড়ি টিলার চারদিকে নির্মল সবুজের সমারোহ। সমতল ভূমি থেকে উচ্চতা প্রায় ১৯০ ফুট। উঁচু ওই পাহাড়ের চূড়ায় পর্যটকদের রাত যাপনের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন কটেজ। নাম ‘টিলাগাঁও ইকো ভিলেজ’। কটেজটি এঁটেল মাটি ও ছনের তৈরি। রুমের ভেতরে রয়েছে নানা কারুকাজ। শহরে ইট-কংক্রিটের দালানের আড়ালে আকাশ ঢাকা পড়লেও দৃষ্টিনন্দন এ কটেজে বসেই আকাশের সঙ্গে মিতালিতে মন ছুয়ে যাবে গ্রামের অনুভূতিতে। কটেজটির পাহাড়ি টিলার নিচে রয়েছে লাভ আকৃতির একটি জলাশয়।
জলাশয়ের তিন পাশেই পাহাড়ি টিলা। পশ্চিম পাশের টিলায় চলছে সুইমিং পুলের কাজ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এ কটেজটি যে কাউকে মুগ্ধ করবে।
নানা প্রজাতির ফলজ বৃক্ষের ডালে ঝুলছে নানা ধরনের দোলনা। রয়েছে রিসিপশনের চৌকি। একই স্থানে প্রকৃতির এমন বাহারি সৌন্দর্যের সমাহার খুব কম জায়গায়ই মেলে। পরিবেশ দেখলে মনে হবে এ যেন এক খণ্ড ‘সাজেক’।
কমলগঞ্জের এই ইকো ভিলেজ’টি চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে পর্যটক না আসলেও এখন স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সেখানে উঠছেন পর্যটকরা। ইকো ভিলেজের দায়িত্বে থাকা ম্যানেজার সায়হান সিদ্দিকী হৃদয় বলেন, ‘প্রতি শুক্র ও শনিবারে কটেজের রুম ভাড়া ৩ হাজার ২০০ টাকা এবং অন্যদিনের জন্য ২ হাজার ৭০০ টাকা। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাঁও (বটতলা) নামক এলাকা থেকে দক্ষিণ দিকে যে পিচ সড়ক গেছে সে পথে গাড়ি নিয়ে ৫-৭ মিনিটের রাস্তা অতিক্রম করলে আপনার চোখে পড়বে কটেজটির সাইনবোর্ড। কমলগঞ্জ পৌর ভবন থেকে এর দূরত্ব প্রায় ৪ কিলোমিটার।
কটেজে যাওয়ার পথে রাস্তার পাশে চোখে পড়বে গ্রামবাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। টিলাগাঁও ইকো ভিলেজের উত্তরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, দক্ষিণে মাধবপুর লেক, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ ও হামহাম জলপ্রপাত। এ ছাড়া দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে সারি সারি সবুজ চায়ের বাগান। পাশেই রয়েছে খাসিয়া ও মনিপুরী পল্লী। এসব স্থান খুব সহজেই ঘুরে দেখা সম্ভব। কটেজ থেকে শ্রীমঙ্গল শহরের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার ও মৌলভীবাজার শহরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার আর কমলগঞ্জ উপজেলা পরিষদের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার।
