মালামাল ক্রয় করে টাকা পরিশোধ করতে না পারায় সিলেট নগরীর কালিঘাটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৪ লক্ষ টাকার প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ৩ নভেম্বর সিলেট নগরীর কালিঘাটের মেসার্স সোনালী ষ্টোর সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করে। যার নং- কোতোয়ালী থানার সি.আর ১১২৯/২০২০।

মামলায় আসামীর নাম, নুর নোহার বেগম। তিনি সিলেটের এসএমপি শাহপরান (র:) থানার শাহজালাল উপশহর ৩ নং রোডের এফ ব্লকের ৯৯ নং বাসার মৃত আবুল হোসেনের স্ত্রী এবং কালিঘাট আমজাদ আলী রোডের ২নং শাহজালাল ম্যানশনের ব্যবসায়ী মনোয়ার হোসেন সিদ্দিকের মাতা।

মামলা সূত্রে জানা গেছে, সিলেট নগরীর কালিঘাটস্থ মেসার্স সোনালী স্টোরের প্রোপাইটার এর সাথে আসামীর পারস্পরিক ব্যবসায়িক ভাল সুসম্পর্ক থাকার সুবাদে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান কালিঘাটের মেসার্স সোনালী স্টোর হতে ব্যবসার জন্য ৪ লক্ষ টাকার বিভিন্ন রকমের মালামাল বাকীতে ক্রয় করে নেন। পরে বিবাদী নুর নোহার বেগম বাদীর বাকী পাওনা ৪ লক্ষ টাকা পরিশোধ করেননি। বরং বিবাদী এই পাওনা ৪ লক্ষ টাকা দিমু দিচ্ছি বলে সময় ক্ষেপন করতে থাকেন।
এক পর্যায়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের চাপের প্রেক্ষিতে বিবাদীর সিলেট কালিঘাট শাখার পূবালী ব্যাংক লি: এর মেসার্স আবুল হোসেন নামীয় চলতি হিসাব নং- ২৩৯৩৯০১০১৬৭২৬ এর একটি চেকে ২০২০ সালের ৩০ জুলাই তারিখে ৪ লক্ষ টাকা মূল্যমানের বিবাদীর নিজ স্বাক্ষরিত মেসার্স সোনালী স্টোর নামে একখানা চেক প্রদান করেন। পরবর্তীতে বাদী উল্লেখিত চেকখানা একই বছরের ৯ আগষ্ট তারিখে কালিঘাট শাখা সোনালী ব্যাংক লিমিটেডে নগদায়নের জন্য নিজের একাউন্টে জমা প্রদান করলে উক্ত চেকটির একাউন্টে টাকা না থাকায় ডিজঅনার হয়ে ফেরত আসে।

পরবর্তীতে বাদি বিগত ২০২০ সালের ১ অক্টোবর তারিখে আসামীর দেয়া চেকটি ডিজঅনার বিষয়টি জানিয়ে বাদি আইনজীবীর মাধ্যমে ৩০ দিনের মধ্যে বাদীর উল্লেখিত পাওনা ৪ লক্ষ পরিশোধের জন্য এডিসহ রেজি: ডাকযোগে বিবাদী বরাবরে একখানা লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। কিন্তু বিবাদী বাদীর প্রেরিত লিগ্যাল নোটিশের কোন জবাব প্রদান করেন নাই কিংবা বাদীর সহিত কোন যোগাযোগ করেন নাই এমনকি বাদীর পাওনা টাকা পরিশোধ না করে বিবাদী চরম প্রতারণা করেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৬