সিলেটের ওসমানীনগরে ট্রাকচালক মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করেছে পুলিশ। ক্ষোভ থেকেই গাড়ি মেরামতের যন্ত্র দিয়ে ঘুমন্ত ট্রাকচালক মুজিবুর রহমানের মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করে হেলপার শুকুর আলী শুভ। গত শুক্রবার দুপুরে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালতে পুলিশ শুভকে হাজির করলে হত্যার সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হেলপার শুভ। গ্রেফতারকৃত শুভ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাইতর বালা গ্রামের মৃত জাফর আলীর ছেলে এবং নিহত ট্রাকচালক মুজিবুর রহমানের হেলপার।
গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা ও ওসমানীনগর থানার যৌথ পুলিশের একটি বিশেষ টিম দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় স্থানীয় ওসমানপুর বাজার থেকে মুজিবুর রহমান হত্যা মামলার আসামি হেলপার শুভকে গ্রেফতার করা হয়।
আদালতের বরাত দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ঘটনার দুই মাস আগে থেকে চালক মুজিবুরের সঙ্গে হেলপার হিসেবে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন শুভ। কিন্তু টাকা চাইতে গেলেই তাকে মারধর করতেন চালক। ন্যায্য পাওনা না পাওয়ার ক্ষোভ থেকেই গত ২৩ মার্চ রাত ২টার দিকে ট্রাকে ঘুমন্ত অবস্থায় চালক মুজিবুরকে ওসমানীগরের গোয়ালাবাজারে হত্যা করে পালিয়ে যায় শুভ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পাথরবোঝাই ট্রাকে চালকের আসনের পেছনের কেবিন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ মার্চ নিহতের ভাই স্বপ্ন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
