কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। ২০০তম ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে স্মরণীয় করে রাখলেন ধোনি। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে অনন্য মাইলফলকে পা রাখেন ‘মিস্টার কুল’ খ্যাত অধিনায়ক ধোনি।
তবে পাঞ্জাবের বিপক্ষে এই জয়ে সবচেয়ে বড় অবদান দিপক চাহারের। এই পেসারের বোলিং তাণ্ডবেই ছন্নছাড়া হয়েছে পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র ১০৬ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মইন আলী এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটিং দৃঢ়তায় ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চেন্নাই।
মইন আলী করেন ৪৬ রান। ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৩৬ রান। পাঞ্জাবের হয়ে মোহাম্মদ শামি নেন ২টি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাঞ্জাব। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় তারা। আগের ম্যাচে ৯১ রান করা পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল এদিন ফেরেন মাত্র ৫ রান করে।
এরপর চেন্নাইয়ের বোলিং তোপে দলীয় ২৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। ৬ নম্বরে নেমে দলের হাল ধরেন শাহরুখ খান। তার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত শতরানের গণ্ডি পার হয় পাঞ্জাব। ৪৭ রান করে ফেরেন শাহরুখ।
