সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর আল-ফালাহ ইসলামী সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত রোকন সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষক আজিজুর রহমানকে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের যুব মিডিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪টি বাইসাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
অভিযোগ রয়েছে, ওই কর্মসূচিতে একটি বাইসাইকেল এক মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ দেখিয়ে মাওলানা তাজুল ইসলাম নিজেই গ্রহণ করেন। পরে সেটি তিনি তাঁর নাতনিকে উপহার দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরবর্তীতে বিষয়টি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নজরে এলে তাঁর নির্দেশে গত বুধবার বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়া হয়।
ঘটনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।