
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে চুনতি ফোর সিজন রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় একই পরিবহনের দুটি বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী মারছা পরিবহনের একটি দ্রুতগতির বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায় এবং অন্য বাসটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। দোকানে থাকা কেউ হতাহত না হলেও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬৬ বছর বয়সী এক নারী যাত্রী নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির বাড়ি ঝিনাইদহ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা একজনের মরদেহ উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে হাসপাতালে পাঠান, যাদের মধ্যে একজন পরে মারা যান। অন্যান্য আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দ্রুতগতি ও ওভারটেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
