
রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আদর নামের এক যুবক হত্যা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে রাজপাড়া থানায়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাতে আদরের ছোট ভাই আব্দুল হান্নান বাদী হয়ে ৬ জন ও অজ্ঞাতনামা আরও সাত-আট জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে রাতেই পুলিশ দুই জন আসামিকে গ্রেফতার করেছে।
বাকিদের ধরতে অভিযান পরিচালনা করার কথা জানায় পুলিশ।
স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিবাগত রাতে ভেরিপাড়া এলাকার পিটু, তুহিন ও রবিন হামলা চালায় আদরের ওপর। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা আদরকে মৃত ঘোষণা করেন।
