রাজশাহীতে হাবিবুর রহমান (৫০) নামের এক ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার মহানগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার এলাকার আরও কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।

 

আরো পড়ুন: রাজশাহীতে ওয়াসার নতুন প্রকল্প, দৈনিক শোধন হবে ২০ কোটি লিটার পানি

 

অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়। ওসি জানান, ধারণা করা হচ্ছে, রাত ৩টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।