

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়া লেকে আয়োজিত নৌবিহারে অংশ নেন তিনি। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ এবং শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী পরিদর্শন করেন।
ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ক্রমেই জোরদার হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৮তম। দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারও বাংলাদেশ। দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।


