ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম
Advertise with us

আজ ভক্তদের কী চমক দিচ্ছেন মেসি?

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
আজ ভক্তদের কী চমক দিচ্ছেন মেসি?

জন্মদিনের আগে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই তিনি স্পর্শ করবেন নতুন মাইলফলক। বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান অবস্থানে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

আজ ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে মেসির দিকে বিশেষ নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আগামী বুধবার ৩৯ বছরে পা দেবেন তিনি।

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন মেসি। সেই ম্যাচে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। পরে জানা যায়, তাঁর বাবা হোর্হে মেসির অসুস্থতা তাঁকে মানসিকভাবে নাড়া দিয়েছে। তবে ব্যক্তিগত সেই কঠিন সময়েও মাঠে হ্যাটট্রিক করে দলকে জয়ের পথ দেখান আর্জেন্টাইন অধিনায়ক।

অস্ট্রিয়া অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। কোচ রালফ রাংনিকের অধীনে দলটি আক্রমণাত্মক ও উচ্চচাপের ফুটবল খেলছে। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে তারা।

অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা বলেছেন, আর্জেন্টিনার শক্তি শুধু মেসি নন, পুরো দলই। তবে তরুণ মিডফিল্ডার পল ভানার জানিয়েছেন, তারা আর্জেন্টিনাকে সম্মান করলেও ভয় পাচ্ছেন না।

দুই দলের মুখোমুখি ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। সর্বশেষ ১৯৯০ সালে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। এর আগে ১৯৮০ সালে অস্ট্রিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচটিতে আর্জেন্টিনার একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। তবে মেসির মাঠে নামা প্রায় নিশ্চিত। এখন দেখার বিষয়, জন্মদিনের আগে নিজের জন্য নতুন কোনো রেকর্ডের উপহার রাখতে পারেন কি না আর্জেন্টাইন মহাতারকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us