ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় বইছে পরিবর্তনের হাওয়া। কখনো রাজকুমার, কখনো তুফান আর এবার তিনি ধরা দিলেন একদমই ভিন্ন রূপে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল এনিমেটেড টিজার।
শনিবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ভক্তদের চমকে দেন শাকিব নিজেই। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
প্রকাশিত টিজারটি শুরু হয় এক অপার্থিব ও রূপক আবহে। একটি সাদা পাখি নীল আকাশে ডানা মেলে উড়ছে, যা যেন এক মুক্ত প্রাণের প্রতিচ্ছবি। তবে মুহূর্তেই ছন্দপতন; প্রচণ্ড বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে আছড়ে পড়ে মাটিতে। পাখিটির পতনের সাথে সাথেই সিনেমার গল্প মোড় নেয় ফ্ল্যাশব্যাকে।
পর্দায় ভেসে ওঠে এক ছোট্ট বালকের শৈশবের স্মৃতি আর তার চোখে বোনা এক বিশাল স্বপ্নের বুনন, বড় হয়ে সে হবে একজন কিংবদন্তি রকস্টার।এরপর টিজারের পরবর্তী অংশগুলোতে শাকিব খানকে দেখা যায়, জনবহুল কনসার্টে হাজারো ভক্তের চিৎকারের মাঝে গিটার হাতে দাঁড়িয়ে আছেন শাকিব। মুখে সিগারেট আর চোখে রোদচশমা।
এদিকে সবশেষে এনিমেটেড দৃশ্যপটে একটি গাড়ির উপর গিটার হাতে শুয়ে থাকতে দেখা যায় মেগাস্টারকে, যা তার চরিত্রের ড্যাশিং ও বোহেমিয়ান ইমেজকে ফুটিয়ে তুলেছে।
উল্লেখ্য, শাকিব খানের এই ‘রকস্টার’ প্রজেক্টটি নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা চলছিল। আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়।
Development by: webnewsdesign.com