চট্টগ্রাম আনোয়ারায় চুলায় বসানো গরম পানিতে ঝলসে শিশুর করুণ মৃত্যু

শনিবার, ০২ মে ২০২৬ | ৫:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম আনোয়ারায় চুলায় বসানো গরম পানিতে ঝলসে শিশুর করুণ মৃত্যু
apps

চট্টগ্রাম আনোয়ারায় রান্নাঘরের চুলার গরম পানিতে শরীর ঝলসে যাওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় হামিম বিন হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

​নিহত হামিম উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র পুত্রসন্তান। তারা বর্তমানে উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে হামিম ছিল সবার ছোট।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরের চুলার ওপর রাখা গরম পানি অসাবধানতাবশত হামিমের শরীরে পড়ে যায়। এতে তার শরীরের বড় একটি অংশ গুরুতর দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে টানা ছয় দিন যমের সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার ভোরে শিশুটি না ফেরার দেশে চলে যায়। ​শিশু হামিমের মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, একমাত্র ছেলের দুর্ঘটনার খবর শুনে পরদিনই সৌদি আরব থেকে দেশে ছুটে আসেন বাবা মোহাম্মদ হোসেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রিয় সন্তানের মুখটি তিনি জীবিত অবস্থায় আর বেশিক্ষণ দেখতে পারলেন না।শনিবার সকালে ঢাকা থেকে হামিমের মরদেহ নিয়ে স্বজনরা চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম। এদিকে শিশুটির এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Development by: webnewsdesign.com