জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে ট্রাইব্যুনালের এজলাসে আনা হয়। পরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
আদালতকক্ষে উপস্থিতদের ভাষ্য অনুযায়ী, এ সময় ইনুকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কাঠগড়ায় তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে তার কথাকাটাকাটিও হয়। পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু আপত্তি জানিয়ে ভদ্রতা বজায় রাখার আহ্বান জানান।
এদিকে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বেঞ্চ মামলার রায় পাঠ শুরু করেছে। রায় ঘোষণা শেষে মামলার বিচারিক কার্যক্রমের এ পর্যায় সম্পন্ন হবে।