ঢাকা
৩০ জুন ২০২৬

ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, সেই জার্মান অর্থনীতিবিদকে নেইমারের পাল্টা খোঁচা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
ভবিষ্যদ্বাণী ভেস্তে দিল ব্রাজিল, সেই জার্মান অর্থনীতিবিদকে নেইমারের পাল্টা খোঁচা

বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ও ফলাফল নিয়ে সঠিক পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্তের একটি অনুমান এবার ভুল প্রমাণিত হয়েছে। জাপানের কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেবে—এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। কিন্তু মাঠের ফল হয়েছে ভিন্ন। জাপানকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের জয়ে খুশি নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্তেকে মজার ছলে খোঁচা দিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, ‘জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’ এর আগে নেদারল্যান্ডস বিশ্বকাপ জিতবে বলেও অনুমান করেছিলেন ক্লেমেন্তে। কিন্তু ব্রাজিল-জাপান ম্যাচের দিনই টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। এরপর নেইমার আরেকটি পোস্টে লেখেন, ‘আবারও ভুল।’

জাপানের বিপক্ষে ম্যাচে অবশ্য মাঠে ছিলেন না নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, ম্যাচের পরিস্থিতি ভিন্ন হলে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল। জাপান ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার পর কাসেমিরো ৫৬ মিনিটে সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখে নেইমারকে বেঞ্চেই রাখা হয় বলে জানান কোচ।

শেষ পর্যন্ত নেইমারকে মাঠে নামার প্রয়োজন হয়নি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

জোয়াকিম ক্লেমেন্তে মূলত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিশ্বকাপের পূর্বাভাস দিয়ে থাকেন। তার মডেলে কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক সক্ষমতা, জনসংখ্যা, আবহাওয়া এবং সমর্থকদের উপস্থিতি।

ক্লেমেন্তের বিশ্লেষণ অনুযায়ী, শক্তিশালী ফুটবল অবকাঠামো তৈরিতে অর্থনৈতিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বড় জনসংখ্যার দেশগুলোতে প্রতিভাবান খেলোয়াড় পাওয়ার সম্ভাবনাও বেশি। পাশাপাশি ফুটবলের জন্য উপযোগী আবহাওয়া এবং মাঠে সমর্থকদের উপস্থিতিও দলগুলোর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।

তবে এবার তার গাণিতিক হিসাবকে পেছনে ফেলে মাঠের লড়াইয়ে এগিয়ে গেছে ব্রাজিল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa