ঢাকা
৩০ জুন ২০২৬

আবারও রিমান্ডে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪১ বার পঠিত
আবারও রিমান্ডে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা

রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য আশিকা সুলতানাকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিন দিনের রিমান্ডে ছিলেন আশিকা সুলতানা। রিমান্ড শেষে সোমবার তাঁকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শাহাব উদ্দিন রাজু বলেন, একই মামলায় একজন নারী আসামিকে বারবার রিমান্ডে নেওয়া মানবাধিকারের পরিপন্থী।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন এবং বারবার রিমান্ডে নেওয়ার কারণ জানতে চান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন মিরপুর-১ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জনের একটি দল সরকারবিরোধী মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ব্যানার ও ফেস্টুন ফেলে চলে যান।

পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আশিকা সুলতানাকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে আশিকা সুলতানার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মিছিলের পরিকল্পনা, নেতৃত্বদানকারীদের পরিচয় এবং পলাতক আসামিদের বিষয়ে তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa