ঢাকা
০২ জুলাই ২০২৬

টেকনাফে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও মাদক জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
টেকনাফে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও মাদক জব্দ

পাচারকারীরা পালিয়ে গেলেও উদ্ধার জি-থ্রি রাইফেল, এলজি, গুলি ও কোটি টাকার মাদক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ভারী অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল এলাকায় পরিচালিত এ অভিযানে দুই কেজি আইস (ক্রিস্টাল মেথ), একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। ভোরে একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে এতে থাকা ব্যক্তিরা গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় দুই কেজি আইস উদ্ধার করা হয়। একই সঙ্গে ইজিবাইকের ভেতর থেকে একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকসহ উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালে সীমান্তে অভিযানে ১ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৯৯৩টি ইয়াবা উদ্ধার করা হলেও ২০২৬ সালের জুন পর্যন্ত প্রথম ছয় মাসেই উদ্ধার হয়েছে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ৫০৩টি ইয়াবা। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাঠপর্যায়ের কারবারিরা ধরা পড়লেও চোরাচালান চক্রের মূল হোতাদের আটক করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa