
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড জামাইর টেকের পাশের জমিতে পড়ে থাকা লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, ওই কলেজছাত্রী শাহনাজ আক্তার পারভীন বসুরহাট সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং কোম্পানীগঞ্জ মডেল হাসপাতালের শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিল। রোববার রাত ৯টায় হাসপাতাল থেকে ডিউটি শেষে তার নানার বাড়ি বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়িতে যাচ্ছিলেন। এ সময় জামাইর টেক নামক স্থানে একদল দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে তাকে রিকশা থেকে নামিয়ে ধর্ষণ করে এবং একপর্যায়ে মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটির ব্যবহৃত মোবাইল থেকে সিম কার্ডটি নিয়ে যায়। পারভীন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মো. নূর নবীর মেয়ে। বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাসেল জানায়, পুলিশ খবর পেয়ে বেলা সোমবার ১১টায় ঘটনাস্থলে যান। দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীতে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
