লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের আশপাশে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে জাহাজটির কেউ হতাহত হননি এবং পরিবেশগত ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

রোববার ইয়েমেনের মোচা বন্দর থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জাহাজটির খুব কাছাকাছি একাধিক বিস্ফোরণ দেখতে পান। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং জাহাজটির নামও প্রকাশ করা হয়নি।

ঘটনার পর ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট জানিয়েছে, তারা সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার, দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঝুঁকির এলাকায় পরিণত হয়েছে। এই পথে হামলা বা অস্থিরতা বিশ্ব বাণিজ্য ও পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে।