ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

নির্বাচনের তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই : কাদের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ২৭৮ বার পঠিত
নির্বাচনের তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই : কাদের

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ নিয়ে আদালত যে রায় দিয়েছেন, সেই নির্দেশনা মেনে চলা নির্বাচন কমিশনের দায়িত্ব উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ৩০ জানুয়ারিতেই হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচন বিষয়ে আদালতের রায় নিয়ে আমি প্রশ্ন নিতে চাই না বা আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুনর্বিবেচনার বিষয়ে আমরা হয়তো কথা বলতে পারতাম। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে আর আদালত একটি নির্দেশনা দিয়েছেন ফলে তা নির্বাচন কমিশনকে মেনে চলতে হবে।

সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হাইকোর্ট তো নিশ্চয়ই বাংলাদেশের জাতীয় স্বার্থের বাইরে কিছু ভাববেন না। নির্বাচন পেছানোর আবেদন হাইকোর্টে খারিজ করে দেওয়ার বিষয়টি তারা অবশ্যই ভেবেচিন্তেই করেছেন। যেহেতু বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই কোর্টের আদেশ মেনে চলা উচিত।

ওবায়দুল কাদের বলেন, আমি আন্দোলনকারীদের বলব হাইকোর্টের আদেশ মেনে নিয়ে আন্দোলন করা থেকে বিরত থাকবেন। নির্বাচনের বিষয়ে উৎসবমুখর পরিবেশে সকলের প্রস্তুতি চলছে।

এ আন্দোলনের সঙ্গে ছাত্রলীগ রয়েছে এমন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা জড়িত রয়েছেন পার্টিগতভাবে নয় বরং ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে। ছাত্রলীগের মধ্যে অনেকেই হিন্দু সম্প্রদায়ের রয়েছেন। তারা হয়তো বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন।

নির্বাচন কমিশন ধর্মীয় দৃষ্টিকোণ এর বিষয়টি ভেবে দেখা উচিত ছিল কিনা এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অবশ্যই তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। তারপরও তাদের বিবেচনার মধ্যে কোনো ফাঁক-ফোকর ছিল কিনা সেটাও দেখার বিষয় আদালতের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us