চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই তিনটি মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাত থেকে দিনভর অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার ও বাইকগুলো উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর ভোরে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির আহম্মদসহ পুলিশের একটি চৌকস দল নাইট ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, এলাকায় কয়েকজন চোর চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়।
পরে ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার রজব আলী সওদাগর বাড়ির নুর হোসেনের পাকা ঘরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলো— জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) এবং মোঃ মাশরাফি (২০)। আটকের পর তাদের হেফাজত থেকে একটি R15 মোটরসাইকেল ও ৬টি মোবাইল উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা আরও চোরাই বাইকের তথ্য প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টায় ১ নম্বর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার ‘করেরহাট বাইক ল্যাব’ নামক একটি মোটরসাইকেল গ্যারেজে পুনরায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দুটি (একটি HERO ও একটি PLATINA) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা (মামলা নম্বর-২১, তারিখ: ১৩/০৯/২০২৬) রুজু করা হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
