জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির রাজনীতি। তাই ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির ও দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টির আপোসহীন সংগ্রাম। একটি কল্যাণ রাষ্ট্র গড়তে গণমানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কারণ, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন।

গতকাল দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পল্লীবন্ধু পদক ২০২১ বাস্তবায়ন কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

পল্লীবন্ধু পদক ২০২১ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা- শেরিফা কাদের, এমএম নিয়াজ উদ্দিন, হেনা খান পন্নি, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব মোঃ বেলার হোসেন, সাংগঠকি সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, আলাউদ্দিন আহমেদ।