অসুস্থ বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় ৩৩ বারের মতো পেছাল নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। ভার্চুয়াল শুনানি করে এক যুগ ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ এ মামলার বিচার শুরুর দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে শেষবারের মতো ৮ ফেব্রুয়ারি সময় বেঁধে দিয়েছেন আদালত।
সোমবার (০১ ফেব্রুয়ারি) নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা আদালতকে জানান, তার শারীরিক অবস্থা খুবই নাজুক। করোনা মহামারিতে ঘরের বাইরে বের হলে বিএনপি নেত্রী চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই ৩৩ বারের মতো সময় আবেদন করেন তার আইনজীবী।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ তালুকদার বলেন, আবেদন দাখিল করে বিজ্ঞ আদালতে জানিয়েছি; যেহেতু করোনাকালে বয়স্ক ও অসুস্থ মানুষ হিসেবে তার আদালতে উপস্থিত হওয়া সম্ভব না। অন্যদিকে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত দেওয়া হয়েছে বাসায় থাকার জন্য। সুতরাং খালেদা জিয়া আদালতে আসা ঝুঁকিপূর্ণ।
এ আবেদন আমলে বিচারক ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বেগম জিয়ার আইনজীবীদের সময় বেঁধে দেন। দুদক আইনজীবী বলছেন, ভার্চুয়ালি মামলার শুনানি করা সম্ভব হলেও বেগম জিয়ার আইনজীবীরা বিষয়টি এড়িয়ে বারবার সময় নিয়ে মামলা বিলম্বিত করছেন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, ভার্চুয়ালি হলে দোষের কিছুই দেখি না। এখানে তো ক্যামেরা থাকবে না। উনি ফোনে যুক্ত থাকবেন।
কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৮ কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ ২০০৭ সালে তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৮ সালে মোট ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন।
