দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর। আর এই বন্দর দিয়ে আমদানি- রপ্তানির পাশপাশি বাড়ছে সরকারের রাজস্ব। গেলো কয়েক বছর কাঙ্খিত রাজস্ব আদায় করতে না পারলেও বর্তমানে রাজস্ব আদায় বেড়েই চলছে। তবে বাড়েনি সেবার মান প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। ইচ্ছে থাকলেও সময় মত চাহিদা যুক্ত পণ্য আমদানি করতে পারছে না।

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম ৬ মাসের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ১শ ৩২ কোটি ৮৮ লক্ষ টাকা। যার বিপরীতে হিলি কাষ্টমস আদায় করতে সক্ষম হয় ১শ ৫২ কোটি ২৭ লক্ষ ৯০ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাষ্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দরে বে-সরকারি পানামা পোর্ট লিঃ সূত্রে জানা যায়,এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে বেশির ভাগ পাথর,খৈল,ভুট্রা,রাইজব্রান্ড,বাদাম,জিরাসহ নানা পণ্য আমদানি হয়। যা থেকে হিলি কাষ্টমস রাজস্ব আদায় করে থাকে।

হিলি স্থলবন্দরের আমদানি ও রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান,হিলি স্থলবন্দর থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করলেও স্থলবন্দর এলাকার রাস্তাঘাট ও বন্দরের অভ্যন্তরে প্রস্তত করণ না করায় আমরা বেশি বেশি আমদানি করতে পারছি না।একটু বৃষ্টি হলে বন্দরের প্রধান সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়। যার ফলে পণ্যবাহী ট্রাকগুলো তখন খুবই ঝুঁকি নিয়ে চলাচল করে। এতে আমাদের অনেক লোকসান গুনতে হয়।তই সরকারের কাছে দাবি হিলি স্থলবন্দর এলাকার রাস্তাঘাট সম্প্রসারণসহ অনন্য সমস্যা গুলোর সমাধান করে দিলে আমদানিও যেমন বাড়বে তেমনি সরকারের রাজস্ব বাড়বে বলে তিনি আশাবাদী।

হিলি কাষ্টমসের উপ-কমিশনার শহিদুল আলম জানান,করোনা মহামারীর মধ্যেও হিলি কাষ্টমস বরাবর কাঙ্খিত রাজস্ব আদায় করতে সক্ষম হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের বেধে দেওয়া রাজস্বের থেকে বেশি রাজস্ব আদায় করে যাচ্ছে কাষ্টমস কর্তৃপক্ষ । চলতি অর্থ বছরের গেলো ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছি আমরা। সবকিছু ব্যবসায়ীদের সহযোগিতার কারনে হয়েছে। তিনি আরো বলেন,বন্দরের রাস্তাঘাট সম্প্রসারণ ও যানজট নিরসন করা গেলে আমদানি যেমন বাড়বে তেমনি বাড়বে সরকারের রাজস্ব।