উৎপাদন বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে শীতকালীন সবজির ব্যাপক সমারোহ। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় কোন কোন সবজি বিক্রি হচ্ছে নামমাত্র দামে। এরপরও লাভ হচ্ছে বলে জানান কৃষক ও ব্যবসায়ীরা।
প্রতিদিন ভোরে ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলা থেকে উৎপাদিত সবজি নিয়ে শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে আসেন কৃষকরা। এখান থেকে সবজি কিনতে দূর-দূরান্ত থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করেন বাজারে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। তবে নতুন আলুর সরবরাহ কম থাকায় পুরাতন আলু বিক্রি হচ্ছে আগের দামেই।
শনিবার (৫ ডিসেম্বর) শহরের গোবিন্দনগর সমবায় মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ৪২ থেকে ৪৫ টাকা, পুরাতন আলু ৩৫ থেকে ৩৮ টাকা, শিম ২০-২২ টাকা, বেগুন ১০-১৮ টাকা, মুলা ১ থেকে দেড় টাকা, ফুলকপি ৪ থেকে ৬ টাকা কেজি দরে। লাউ প্রতিটি ৮ থেকে ১০ টাকা, বাধাকপি প্রতিটি ৮ থেকে ১০ টাকা। আর শাক সবজি প্রকার ভেদে ২ থেকে ৬ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
পাইকারি এ বাজারে প্রতিদিন ১৫ থেকে ১৮ লাখ টাকার সবজি কেনাবেচা হয়।
