সিলেটে ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামে এক যুবক হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহীকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে পিবিআই’র একটি দল পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করে। রায়হান হত্যাকাণ্ডের পর এএসআই আশেক এলাহীসহ তিন পুলিশ সদস্যকে বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। আর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১২ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এএসআই আশেক এলাহী। প্রায় এক ঘণ্টা পর সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান।

পিবিআই সূত্র জানায়, এএসআই আশেকে এলাহীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে একই ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পিবিআই।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান জানান, এএসআই আশেক এলাহী পুলিশ লাইন্সে থাকলেও সে পিবিআই’র নজরদারিতে ছিল। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পিবিআই ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। লাপাত্তা হওয়া এসআই আকবরকে ধরতে পিবিআই’র একাধিক টিম কাজ করে যাচ্ছে।

এই মমলায় বরখাস্তকৃত দুই পুলিশ সদস্যকে ৫ ও ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে এএসআই আশেক এলাহীকে প্রথমবারের মতো ৫ দিন ও কনস্টেবল হারুনুর রশিদকে দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে পিবিআই’র আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মো. জিয়াদুর রহমান।

এর আগে, গতকাল বুধবার রাতে বন্দরবাজার ফাঁড়ির এএসআই (সাময়িক বরখাস্ত) আশেক এলাহীকে গ্রেফতার করে পিবিআই। পরে তাকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
শুনানিকালে রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মাহিদুল ইসলাম আশেক এলাহীকে ৭ দিনের আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, রায়হান হত্যা মামলার আরেক অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল (সাময়ীক বরখাস্তকৃত) হারুনুর রশিদকে দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। প্রথম দফার ৫ দিনের রিমান্ড শেষে আজ বিকেল ৩টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। পরে পিবিআই’র ইন্সপেক্টর মাহিদুল ইসলামের ৫ দিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক মো. জিয়াদুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৪ অক্টোবর কনস্টেবল হারুনুর রশিদকে প্রথম দফা ৫ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। ওই দিন (শনিবার) সকালে হারুনুর রশিদকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে পিবিআই। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।