করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত ব্যক্তির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য বলেন, করোনা তাদের পরিবারের সদস্যদের পূজার আনন্দ অনেকটাই ম্লান করে দিয়েছে। আজ জেলা প্রশাসনের নিকট থেকে শুভেচ্ছা উপহার পেয়ে তাদের সামান্য কিছুটা হলেও ভালো লাগছে এটা ভেবে যে, প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সকলের কাছে তিনি এই বার্তাটি পৌঁছাতে চান, প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য ভাবেন, আমাদের সবার পাশে রয়েছেন। অতঃপর তিনি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।