মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলা শহরের পশ্চিমবাজার এলাকায় আলুর খুচরা ও পাইকারী বাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে মনিটরিং করা হয়।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারী মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য সর্বোচ্চ ৩০ টাকা অনুযায়ী আলুর বিপণন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে এবং অমান্য করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, বাজার মনিটরিং এর অন্যান্য কার্যক্রমের মধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি এসব অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং অর্ণব মালাকার। এ সময় সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার ও জেলা পুলিশের একটি দল।জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
