সিলেটের জকিগঞ্জ উপজেলার ভুইয়ারবাজার এলাকা থেকে বুধবার সন্ধ্যায় রোহিঙ্গা ভাই-বোনকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে-জুবায়ের (১২) ও তাসমিন আরা (২০)। জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুল নাসের তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে পাচারকালে সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল জানান, আটকের পর দুই ভাই-বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানান তিনি।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ভারতে তাদের আত্মীয়-স্বজনের কাছে যেতে তারা মূলত জকিগঞ্জ সীমান্ত ব্যবহার করতে চেয়েছিল। তবে, ভারতে পৌঁছার আগেই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেছে। আইনী প্রক্রিয়াশেষে তাদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।