দ্বিতীয় ভ্যাকসিন অনুমতির পথে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯’র ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বে সাড়া ফেলে দেয় ভ্লাদিমির পুতিনের দেশ। শীঘ্রই নতুন ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে মস্কো।

আগামি ১৫ অক্টোবরের মধ্যেই নতুন সম্ভাব্য টিকা অনুমোদন পেতে পারে। এমন আশার কথা শোনালেন রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ভ্যাকসিনটি তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার।

গত সপ্তাহেই মানবদেহে এই ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষ হয়। মস্কোর গামালিয়া ইন্সটিটিউটের তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন অনুমোদন দেয় দেশটি। চূড়ান্ত ধাপে অংশ নেন কমপক্ষে ৪০ হাজার স্বেচ্ছাসেবী। ইতিমধ্যে ২০টি দেশ ‘স্পুটনিক-ভি’ নিতে আগ্রহী প্রকাশ করেছে। কয়েকটি দেশ টিকা নিতে চুক্তিও করেছে বলে জানায় মস্কো।

তবে রাশিয়ার ভ্যাকসিন নিয়েও কম জলঘোলা হয়নি। যুক্তরাষ্ট্র, কানাডাসবহ কয়েকটি দেশ ‘স্পুটনিক-ভি’ টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিতে অস্বীকৃতি জানায়। তবে সমালোচনা উড়িয়ে শীঘ্রই করোনার টিকা বাজারে ছাড়তে যাচ্ছে রাশিয়া।