রাশিয়ার বলাকোভো শহরে পাখির মড়ক দেখা গেছে। উড়ন্ত অবস্থায় মাঝ আকাশ থেকেই পড়ে যাচ্ছে পাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন জায়গায় মৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে আছে বহু পাখি। এতে রাস্তায় বিপাকে পড়েন গাড়ি চালকরা।
রুশ গণমাধ্যম আরটি জানায়, রাজধানী মস্কোর প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে সারতোভ অঞ্চলের বাসিন্দারা বেশ কিছু মৃত পাখি রাস্তায় জড়ো করে রাখে।
প্রকাশিত এক ভিডিও’র মন্তব্যে সাধারণ মানুষ বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন, কেউ কেউ প্রাকৃতিক বিপর্যয়কে দুষছেন। ঝড়ো বাতাসের কারণেও বহু পাখির মৃত্যু হতে পারে মনে করছেন অনেকে। তবে আরেকটি দল ওই শহরে আতশবাজি, কারখানা থেকে কার্বন নিঃসরণ এবং বিষাক্ত ধোঁয়াকে দায়ী করেছেন। রাশিয়ার বলাকোভো শহরটি সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশ পরিচিত।
এদিকে, পাখির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছেন সারতোভ শহরের পশু চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা । তাদের মতে, এভিয়ান ফ্ল’তে আক্রান্ত হয়ে বহু পাখির আকস্মিক মৃত্যু হতে পারে। বন্য বা জলজ পাখি প্রাকৃতিকভাবেই এভিয়ান ফ্লুতে আক্রান্ত হয়ে থাকে। এতে গৃহস্থলী প্রাণীরাও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।
তবে স্থানীয় বিশেষজ্ঞরা মৃত্যুর কারণ বের করতে সক্ষম হবেন, এ নিয়ে সন্দিহান প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রশাসন। হঠাৎ পাখির মড়কে মস্কোর বিশেষজ্ঞ দলের প্রয়োজনের কথাও জানানো হয়।
এভাবে পাখির অস্বাভাবিক মৃত্যুতে সেখানকার পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাকেও দুষছেন অনেকে।
