দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার মামলায় আবারও রবিউল ইসলামকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর চিফ জুডিশিয়াল আমলি আদালত-৭ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা এই আদেশ দেন।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় রবিউল ইসলামকে। সবাই ধারণা করেছিল আসামি রবিউল ইসলামকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য বিচারকের কাছে উপস্থাপন করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর আদালতের কাছে পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে সরাসরি রবিউল ইসলামকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবদের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া হলো।