জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্বপ্ন এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন তার বাবা মকবুল হোসেন। শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন এবং ছেলের নামে একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

মকবুল হোসেন বলেন, আবু সাঈদের স্বপ্ন তো এখনো পূরণ হয় নাই। এখন কবে হবে, সেটা জানি না। আমার ছেলের নামে—আবু সাঈদ নামে স্টেডিয়াম হোক, এটা আমি চাই।

এদিন একটি স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে আনন্দ প্রকাশ করে তিনি দেশের সার্বিক শান্তি ও শৃঙ্খলা কামনা করেন। মকবুল হোসেন বলেন, আজকে মন্ত্রী মহোদয় এসে উদ্বোধন করে গেলেন, এতে আমি আনন্দিত। দেশের জন্য শান্তি-শৃঙ্খলা চাই। সবাই শান্তিতে বসবাস করুক, সবাই সুখে থাক—এটাই আমি চাই।

একই অনুষ্ঠানে উপস্থিত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম দেশের শান্তির আহ্বান জানিয়ে বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। দেশটা যেন শান্তি হয়, কোনো ছেলেপেলেকে যেন আর জীবন দিতে না হয়। সরকার যেন দেশটা শান্তিভাবে রাখে—এটাই আমার সরকারের কাছে দাবি।