পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল। তিনি বলেছেন, কোনোভাবেই যেন দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে যুব জমিয়তের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
শনিবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মসূচি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মাওলানা ইসহাক কামাল বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশের মাটিতে ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় যুব জমিয়তের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

মন্তব্য করুন