তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ নির্ধারিত সময় শেষ হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেননি প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। শুক্রবার সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে আলোচনা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শনিবারও নতুন সমঝোতার আশায় আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রতিনিধিরা। তবে সম্মেলনের সর্বশেষ পরিস্থিতিতে চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

সম্মেলনের দুই সপ্তাহের আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে চূড়ান্ত চুক্তির দ্বিতীয় খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার কোনো উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও পরিবেশবাদীরা।