চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ও পূর্বের বিভিন্ন মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
​পুলিশ জানায়, ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালান। এ সময় ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক কারবারি মো. রাজীব হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩২, তাং-২০/১১/২০২৬) দায়ের করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই ফারুক উদ্দিনকে।
​অন্যদিকে, গত ১৮ নভেম্বর রাত পৌনে ২টার দিকে মীরসরাইয়ের গাছবাড়িয়া এলাকা থেকে তদন্তাধীন একটি মাদক মামলার পলাতক আসামী মো. শোবেলকে (২৯) গ্রেফতার করেন এসআই আব্দুল্লাহ আল মাসুদ। তিনি গাছবাড়িয়া এলাকার বাসিন্দা এবং জোরারগঞ্জ থানার মামলা নং-১৭ (তাং-১৭/০৮/২০২৬)-এর তদন্তে প্রাপ্ত আসামী।
​এ ছাড়া ২১ নভেম্বর গভীর রাতে আরও দুটি অভিযান চালিয়ে পূর্বের দুটি মামলার দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে রাত দেড়টার দিকে বারইয়ারহাট এলাকা থেকে নাহিদুল ইসলাম সাকিবকে (২১) গ্রেফতার করেন এসআই সাদ্দাম হোসেন। তিনি মীরসরাইয়ের রহমতাবাদ এলাকার বাসিন্দা এবং জোরারগঞ্জ থানার মামলা নং-১৩ (তাং-২০/১০/২০২৪)-এর তদন্তে প্রাপ্ত আসামী।
​একই দিন রাত সাড়ে ১২টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে মো. ইসমাইল হোসেনকে (২৭) গ্রেফতার করেন এসআই জিশান আহম্মেদ। তিনি ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার বাসিন্দা এবং জোরারগঞ্জ থানার মামলা নং-০৩ (তাং-০৬/১০/২০২৪)-এর তদন্তে প্রাপ্ত আসামী।
​গ্রেফতারকৃত চার আসামীকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ