বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও টেকনোলজিস্টরা। দাবি না মানলে আগামী সোমবার থেকে কর্মবিরতি ও পরবর্তীতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের আউটডোর গেটের সামনে এ মানববন্ধন হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

বক্তারা জানান, দীর্ঘদিন চিঠি চালাচালি, পরিচালকের সাথে একাধিকবার বসার চেষ্টা এবং মন্ত্রণালয়কে জানিয়েও কোনো সমাধান মেলেনি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের সাথে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তাঁরা।

তাঁরা জানান, দাবি বিবেচনার জন্য কর্তৃপক্ষকে একদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত অর্ধবেলা এবং মঙ্গলবার থেকে পূর্ণবেলা কর্মবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওর ঘোষণা দেন তাঁরা। তবে রোগীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধান হলে সম্মানের সাথে কর্মস্থলে ফেরার কথা জানান বক্তারা।