নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২৬), ছোট ভাই সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে ছড়িয়ে জমতে থাকে। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।