প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায়ে কোনো দেশকে এই প্রথম দায়ী করল বিশ্বের সর্বোচ্চ আদালত।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই আদালতের রায়ের মধ্য দিয়ে সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো। রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ রায়কে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নজির হিসেবে দেখা হচ্ছে।

রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি বলেন, ‘আদালত পুরোপুরি নিশ্চিত যে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে।’