ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মন্তব্য করুন