হীরাখচিত বিলাসবহুল অন্তর্বাস পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে তাঁর এই বিশেষ সাজ ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

রোববার অনুষ্ঠিত ফ্যাশন শোতে কাইলি পরেন বিশেষভাবে নকশা করা একটি ‘ফ্যান্টাসি ব্রা’। নকশাকারীর তথ্য অনুযায়ী, ১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হীরা দিয়ে তৈরি এই অন্তর্বাসটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৮ কোটি টাকা।

১৯৯৬ সালে মডেল ক্লদিয়া শিফার প্রথম এই অন্তর্বাস পরে র‍্যাম্পে হেঁটেছিলেন। এরপর থেকে ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ‘ফ্যান্টাসি ব্রা’ বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে। সাধারণত কোনো মডেলের জন্য এটি পরার সুযোগ পাওয়া ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়।

এবার ২৯ বছর বয়সী কাইলি জেনারকে এই অন্তর্বাস পরার জন্য নির্বাচিত করায় ভক্তদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে অভিজ্ঞ সুপারমডেলদের পরিবর্তে তাঁকে বেছে নেওয়ায় কেউ কেউ ব্র্যান্ডটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

‘দ্য কার্দাশিয়ানস’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া কাইলি জেনার ফ্যাশন ও প্রসাধনসামগ্রীর ব্যবসায়ও সুপরিচিত। তাঁর পোশাকের পাশাপাশি এবারের আয়োজনের তারকাবহুল উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে।

ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার ও নিকোল কিডম্যানের মতো তারকারা। র‍্যাম্পে হাঁটেন জোয়ান স্মলস, ক্যান্ডিস সোয়ানেপোল, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো মডেলরা। বেলা হাদিদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ ছাড়া ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন ও টেট ম্যাকরের সরাসরি সংগীত পরিবেশনাও ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।