ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে উত্তরাখণ্ডের একটি ধর্মীয় অনুষ্ঠানে। নবরাত্রি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তাঁকে থামিয়ে দেন রাজ্যটির মন্ত্রিসভার সদস্য সুবোধ উনিয়াল। গায়ক মদ্যপ অবস্থায় মঞ্চে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী ও নরেন্দ্রনগরের বিধায়ক সুবোধ উনিয়াল।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের মাঝপথে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেন মন্ত্রী। এ সময় দালের মেহেন্দির গান গাওয়ার ধরন নিয়ে আপত্তি জানান তিনি। মন্ত্রীর অভিযোগ, দুর্গাপূজা ও নবরাত্রি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান পরিবেশন করা অনুচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, গায়ক ঠিকভাবে কথা বলতে পারছেন না, তাহলে গান গাইবেন কীভাবে? দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অন্যদিকে, ভিডিওতে দালের মেহেন্দিকে মন্ত্রীর উদ্দেশে হাতজোড় করে অনুরোধ জানাতে দেখা যায়। তিনি বলেন, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’

মঞ্চে দুজনের এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে গায়ক সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।