বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ২৬৫, যা খুবই অস্বাস্থ্যকর। ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, শহরটির বায়ুমান সূচক ১৮২। ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সূচক ৩০০ ছাড়িয়ে গেলে বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়।

ঢাকার বায়ুমান সূচক ১৬৭ হওয়ায় নগরীর বাসিন্দাদের, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে বাইরে দীর্ঘ সময় অবস্থান এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলা উচিত।