প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মো. আশরাফুল হাসান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে দিলীপ আগরওয়ালাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানির জন্য তাঁকে এজলাসে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, পর্যালোচনা এবং অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে তিন দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বছরের নভেম্বরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান অ্যাভিনিউয়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও কার্যালয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানে পাওয়া ব্যাংক হিসাব, নথিপত্র ও জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বৈধভাবে ঋণপত্রের (এলসি) মাধ্যমে বিদেশ থেকে ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকার বেশি মূল্যের স্বর্ণবার, স্বর্ণালংকার ও হীরা আমদানি করেছিল। তবে একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকার স্বর্ণ ও হীরা কেনা, বিনিময় বা রূপান্তর করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

এজাহারে বলা হয়েছে, স্থানীয় বাজার থেকে কেনা এসব স্বর্ণ ও হীরার উৎস এবং বিক্রেতাদের পরিচয়ের পক্ষে প্রয়োজনীয় বৈধ নথিপত্র সিআইডির কাছে উপস্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি। প্রাথমিক অনুসন্ধানে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং বিপুল অর্থ উপার্জনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরদিন একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিভিন্ন হত্যা মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।