দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর প্রায় স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলবে বিকেল থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
এ সময় দিনের বেশির ভাগ সময়ে ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
তবে ২৩ অক্টোবর শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। ওই দিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

মন্তব্য করুন