মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনকে ঘিরে বিতর্ক ও সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। ইশরাক জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁকে পদ ছাড়ার সুযোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, গত দুই দিন ধরে তাঁকে ঘিরে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি চান না, তাঁর কোনো কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী বা সরকারের অর্জন ম্লান হোক।

তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইশরাকের ভাষ্য, পদত্যাগের পরও মাদক নির্মূলের উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রোববার ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়। অবশেষে সোমবার সংবাদ সম্মেলনে নিজেই প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।