জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, কিন্তু এ বিষয়ে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না—এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এ চেতনা বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক—দুই ধরনের প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের বিষয়টিকে বিরোধী দল সংবিধান সংস্কার হিসেবেও বিবেচনা করতে পারত। কিন্তু বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা না করার কথা বলেছেন। সরকারের প্রত্যাশা, বিরোধী দল সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে।

জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে সালাহ উদ্দিন আহমদ বলেন, এই আন্দোলন এক দিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এর পথ তৈরি হয়েছে। তাই জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে জাগ্রত রাখতে হবে। নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন, আর কাজের মাধ্যমেই তার প্রমাণ দেওয়া হবে।