বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রেমের গল্পে রয়েছে মজার এক অধ্যায়। প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিতে একবার নয়, তিনবার চেষ্টা করেছিলেন সাইফ। মুম্বাই ও গ্রিসে সাড়া না পেলেও শেষ পর্যন্ত প্যারিসে গিয়ে কারিনার সম্মতি পান তিনি।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে প্রেমের শুরুর দিনের সেই গল্প শোনান সাইফ ও কারিনা। কারিনা জানান, প্রথমে মুম্বাইয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু তখন রাজি হননি তিনি। এরপর গ্রিসেও একই প্রস্তাব দেন সাইফ। সেখানেও মেলেনি সম্মতি। অবশেষে প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে রাজি হন কারিনা।

তবে এই গল্পের সবচেয়ে মজার অংশ ছিল সাইফের মন্তব্য। কারিনা তিনটি জায়গায় প্রস্তাব পাওয়ার কথা জানালে রসিকতা করে সাইফ বলেন, মুম্বাইয়েই রাজি হয়ে গেলে তাঁর অনেক টাকা বেঁচে যেত! তাঁর এই কথায় অনুষ্ঠানের মঞ্চে হাসির পরিবেশ তৈরি হয়।

২০০৭ সালে ‘টশন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন এই তারকা জুটি। তাঁদের সংসারে রয়েছে দুই ছেলে, তৈমুর ও জেহ।

দীর্ঘ দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব আর হাসি-ঠাট্টার যে বিশেষ জায়গা রয়েছে, পুরোনো প্রেমের গল্প বলতে গিয়ে আবারও সেটিই তুলে ধরলেন সাইফ-কারিনা।