গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ইনচার্জ মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, কারখানার একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ভবনটির ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।