” ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি।”এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজিপুর এর উদ্যোগে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ,বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ তারা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার। তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। বিশেষ করে যমুনা নদীবেষ্টিত কাজিপুর উপজেলায় বন্যা ও নদীভাঙন মোকাবিলায় কার্যকর প্রস্তুতি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,কাজিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর প্রতিনিধি,দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন