রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে মরদেহটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা বাথরুম পরিষ্কার করতে গিয়ে পানির পাইপের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ওই নারীর হাতে কাটা দাগ রয়েছে। এ কারণে মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন